
অভিমানের পারদ
কাক ডাকা ভোর সূর্যের আনাগোনা
শিশিরে ভেজা ঘাসে নগ্ন পায়ে চলা
একটা ছেলে উস্কো চুলে মাফলার গলে
ঠাই দাঁড়িয়ে সালদার তীর ঘেঁষে।
রক্তলাল চক্ষু জোড়ায় খেলছে পানি
হাসি কান্নার মিশ্র রূপ বুঝি এমনই।
বুক পকেটে অর্ধভেজা একটা চিঠি
সম্বোধনে পিচ্চি নাকি শ্যামাঙ্গিনী?
চিকন ঠোঁটে চুমুর অভাব,খরা তাই
বুকে রাখা প্রিয় রোদ চশমাটা নাই।
অনিমেষ তাকিয়ে সে প্রিয়ার পথে
সুহাসিনীর মান ভাঙ্গাতে ছুটে এসেছে।
ষোড়শী ললনা ঢেউ তোলা কোঁকড়া চুল
প্রেমিক হিয়ায় ফুটছে অসংখ্য জারুল।
দৃষ্টিতে ছোয়া যাচ্ছে শ্রেয়সীর মায়া মুখ
সুখ, সুখ যন্ত্রণায় বুকের ভেতর হুলস্থুল।
প্রেমিক অপেক্ষাতে, দেখে আড়ঁচোখে প্রিয়া
মুখচোরা অভিমানে হেঁটে যায় রৌদ্দুরে।
দেখবেনা মুখ পানে, বলবেনা ভালবাসি
বুঝুক প্রেমিক দূরত্বে কতটা হৃদয় পুড়ে।
প্রেমিক ছুটে অভিমানী প্রেমিকার পিছু
মান তার ভাঙ্গাতেই হবে হৃদয় যে মরু
কতো অনুনয় করছি মেয়ে একটু ফিরে দেখ
উষ্ণতা এনেছি সাথে তোর প্রিয় চকলেট।
বুকের ভেতর হৃদ স্পন্দন তোর নামে বাজে
কতশত প্রেম চিঠি লিখেছি রোজ তোর নামে।
প্রিয়া আমার মান করেছে, কিভাবে দূরে রই?
কতো বাহানায় ছুটে এসেছি, বুঝবি না কি তুই?
প্রাণপাখিটা রাগ করেনা, বেলির মালা রাখ
সবটা ভুলে অশান্ত মনে প্রশান্তির রেখা আঁক।
অভিমানের ঘন পারদ গললো বুঝি তবে
শ্যামাঙ্গিনীর মিষ্টি হাসিতে বুকটা শীতল হবে।
– রোকসানা ইসলাম রোসা
– পাহাড়তলী, চট্টগ্রাম





