
এক হাজার ছিয়াশি দিন
জিনাত আফরিন জুঁই
তুমি এসেছিলে কোন এক সন্ধ্যায়,
এক রঙের আটপৌরে সাদা পাঞ্জাবিতে;
চুলগুলো উসকোখুসকো, গালভর্তি দাড়ি।
আমি খানিকটা বইপ্রেমী বলে,
বইয়ের দোকানে ঘুরে ঘুরে কিনেছিলে
হুমায়ূনের “একজন হিমু কয়েকটি ঝিঁঝি পোকা”;
আর সাথে এনেছিলে যত্ন করে একগুচ্ছ লাল গোলাপ।
আমাকে ফিরতে হবে জেনে,
তখন তোমার মনে বয়ে যাচ্ছিলো
বৈশাখের শেষ দিনের মতো মোহমেঘে ঢাকা এক ঝড়!
আজ তুমি চলে যাওয়ার এক হাজার ছিয়াশি দিন,
তবুও যত্নে রেখেছি তোমার দেওয়া উপন্যাস
বারে বারে সময় শুধু গুনে গেছে নিজেকে,
এক হাজার ছিয়াশি বার
তবুও আজও সেই বইয়ের পাতায়
তুমি আটকে আছো নিরবে।
ফুলগুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে সেই কবে, কত শত বছর আগে
রেখেছি তবুও নিখিল যত্নে!




